পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি শুরু হয়েছে। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ও বেসরকারি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়সমূহ আজ থেকেই বন্ধ থাকছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে পৃথক দুটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়–এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, আজ ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী দুই দিন—শুক্রবার ও শনিবার—সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে শিক্ষক ও কর্মচারীরা টানা ছুটি ভোগ করতে পারবেন।
এদিকে, এর আগে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন মাদ্রাসাগুলো ১৫ ফেব্রুয়ারি থেকেই ছুটিতে রয়েছে। এসব মাদ্রাসায় আগামী ২৬ মার্চ পর্যন্ত ছুটি চলবে এবং পুনরায় ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।
রমজান মাসের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।