পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ মাস আগে

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

আবহাওয়ার ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে একেএম নাজুল হক জানিয়েছেন, গভীর নিম্নচাপটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৩০ কিমি দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৭৩৫ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা থেকে ৭৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের চারপাশে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বিরাজ করছে এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও সমুদ্র উত্তাল থাকবে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে।

অবস্থান: আবহাওয়া অধিদপ্তর, ঢাকা

  • #দেশএডিশন
  • error: Content is protected !!