দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস

দেশ এডিশন অনলাইন ডেস্ক:
প্রকাশ: ১ ঘন্টা আগে

দেশের পাঁচ বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে দেশের বাকি অংশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রাও তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ একই এলাকায় স্থির রয়েছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। পাশাপাশি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এদিকে আজ ভোরে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যৌথভাবে রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ছিল ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

error: Content is protected !!