পানছড়িতে ঐতিহ্যবাহী বুদ্ধ মেলার শুভ উদ্বোধন

তাপস ত্রিপুরা | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি | দেশ এডিশন:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পাহাড়ের ঐতিহ্যবাহী বৈসু–সাংগ্রাই–বিজু উৎসব উপলক্ষে শতবর্ষী ঐতিহ্যবাহী মহাম্রাইমনি বুদ্ধ মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল ২০২৬) উপজেলার চৌধুরী পাড়ায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক সম্প্রীতির পরিবেশে শুরু হওয়া এই মেলা আগামী ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে। উৎসবকে ঘিরে বিভিন্ন ধর্মীয় আচার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অনারারি কনসাল অব জাপান ও বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সাথোয়াইপ্রু মারমা, ৩নং পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, পানছড়ি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মংসাথোয়াই চৌধুরী, পানছড়ি অগ্রমেধ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি ক্যাচিং চৌধুরী এবং বিশিষ্ট সংগীত শিল্পী থৈঅংগ্য চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বৈসু–সাংগ্রাই–বিজু পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান সামাজিক উৎসব, যা সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। এ উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করে আনন্দ ভাগাভাগি করেন।

তারা উৎসব চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি শতবর্ষী ঐতিহ্যবাহী মহাম্রাইমনি বুদ্ধ মেলাকে নতুনভাবে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান বক্তারা।

উৎসব ও মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

error: Content is protected !!