পাহাড়ি মানুষের জন্য আশ্বাসের নাম সেনাবাহিনী

রুপম চাকমা, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)
প্রকাশ: ২ ঘন্টা আগে

দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর পাশে দাঁড়াল বাংলাদেশ সেনাবাহিনী। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দীঘিনালা জোনের উদ্যোগে বানছড়া–নোয়াপাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (২ মার্চ) দিনব্যাপী আয়োজিত এ চিকিৎসা কার্যক্রমে চার শতাধিক পাহাড়ি ও অসহায় মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। দুর্গম এলাকায় এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন (এসইউপি, পিএসসি)’র নির্দেশনায় এবং জোনের আরএমও মোহাম্মদ শায়খউদ্দীন সাকলাইনের উপস্থিতিতে সেনাবাহিনীর মেডিকেল টিম সাধারণ জ্বর-সর্দি, চর্মরোগ, গ্যাস্ট্রিক, শিশু ও নারীস্বাস্থ্যসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্র রঞ্জন চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় হেডম্যান-কারবারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সেনাবাহিনীর এই উদ্যোগকে মানবিক, সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত চিকিৎসাসেবা পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। সেনাবাহিনীর এ উদ্যোগ তাদের জন্য বড় ধরনের সহায়তা হয়ে এসেছে।

দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন বলেন, পাহাড়ি অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করা সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও চিকিৎসা, শিক্ষা ও মানবিক সহায়তামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

error: Content is protected !!