পাহাড়ে শান্তি চুক্তির ২৮ বছর, আলীকদমে বর্ণাঢ্য উদযাপন

ফরহাদ আহমদ সজল, বান্দরবান
প্রকাশ: ২ মাস আগে

শান্তি চুক্তি স্বাক্ষরের ২৮ বছর পূর্তি উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলায় উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা, শান্তি সমাবেশ ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে আলীকদম সেনাজোন (৩১ বীর)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আলীকদম উপজেলা প্রশাসন চত্বর থেকে সাদা কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ৩১ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আশিকুর রহমান আকিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলমসহ সামরিক কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন।

উদ্বোধনের পর সেনাজোন এলাকা থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় সেনাজোন প্রাঙ্গণে শান্তি সমাবেশে মিলিত হয়। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর মানুষ ঐতিহ্যবাহী পোশাক, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

শান্তি সমাবেশে বক্তারা পাহাড়ে স্থায়ী শান্তি, উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তাঁরা শান্তি চুক্তির ইতিবাচক প্রভাব তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দেন।

উচ্ছ্বাসমুখর পরিবেশে শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপনের সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

error: Content is protected !!