কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই গেট এলাকায় আলু ভর্তি একটি পিকআপ ভ্যান থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় পিকআপটির চালক পালিয়ে যায়।
শুক্রবার (৬ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলু ভর্তি একটি পিকআপ ভ্যানে করে মাদকের বড় চালান পরিবহন করা হচ্ছে—এমন তথ্য পেয়ে এলাকাজুড়ে নজরদারি বাড়ায় পুলিশ। এ সময় ‘উপজেলা মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি’র ছিনাই ইউনিয়ন শাখার সদস্য আব্দুর রশিদ আলুর বস্তার ভেতরে গাঁজা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে রাজারহাট থানা পুলিশকে খবর দেন।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি টের পেয়ে পিকআপ চালক আলু ভর্তি বস্তা ও গাঁজা রেখে কৌশলে পালিয়ে যায়।
পরে পুলিশ তল্লাশি চালিয়ে আলুর বস্তার ভেতরে লুকিয়ে রাখা প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করে এবং পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।