পবিত্র রমজান মাসে দেশের সকল সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়। রিটটি দায়ের করেন মো. ইলিয়াছ আলী মন্ডল, যিনি পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী।
রিটের আবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি দীর্ঘদিনের আইন, প্রথা ও নীতি বিদ্যমান। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ব্যতীত কিছুই করা যাবে না এবং ১৫২(১) অনুচ্ছেদে বলা হয়েছে—বাংলাদেশে প্রচলিত রীতি ও প্রথাও আইনের অন্তর্ভুক্ত।
রিটে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী। এ বিষয়ে গত ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি আইনি নোটিশও পাঠানো হয়েছিল।
হাইকোর্টের এই আদেশের ফলে আসন্ন রমজান মাসজুড়ে দেশের সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।