গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, রোববার (১১ জানুয়ারি) গভীর রাতে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুসারে একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় পিস্তলটি।
একইদিন দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত মামুন লালমনিরহাট সদর উপজেলার খোটামারা গ্রামের বাসিন্দা এবং মৃত আবেদ আলীর ছেলে। তিনি টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় জনৈক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
টঙ্গী পূর্ব থানা সূত্রে জানা যায়, অভিযানে উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) মো. তুহিন মিয়া ও সহকারী উপ-পরিদর্শক রুহুল আমিন–এর নেতৃত্বে একটি দল অংশ নেয়। পরে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।