প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর প্রথম ২৮ দিনে নেওয়া বিভিন্ন উদ্যোগকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সরকারের বিভিন্ন খাতের কার্যক্রম তুলে ধরেন।
স্ট্যাটাসে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে। সামাজিক সুরক্ষা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রশাসন ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন ক্ষেত্রে নেওয়া পদক্ষেপগুলো সরকারের দায়বদ্ধতার প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহদী আমিন বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, সরকারের প্রথম মাসে সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় হাজারো পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও যাজকদের জন্য সম্মানীর ব্যবস্থাও করা হয়েছে।
কৃষিখাতে কৃষক কার্ড বিতরণ, ক্ষুদ্র কৃষকদের ঋণ মওকুফ এবং দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির কথাও উল্লেখ করা হয়। এছাড়া প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে সরকারি অফিসের সময়ানুবর্তিতা নিশ্চিত করা, ভিভিআইপি প্রটোকল কমানো এবং জনপ্রতিনিধিদের বিশেষ কিছু সুবিধা সীমিত করার সিদ্ধান্তের কথাও জানান তিনি।
অর্থনৈতিক খাতে বাজার মনিটরিং জোরদার, শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করা এবং বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালুর উদ্যোগের কথাও তুলে ধরা হয়। শিক্ষাখাতে পুনর্ভর্তি ফি বাতিল, শিক্ষক নিয়োগ এবং বিদেশে উচ্চশিক্ষায় সহায়তার বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য খাতে ই-হেলথ কার্ড চালু, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের কথাও বলা হয়। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান এবং নারীদের নিরাপত্তা জোরদারের উদ্যোগের বিষয়টিও উঠে আসে।
স্ট্যাটাসের শেষাংশে মাহদী আমিন বলেন, সরকারের এই উদ্যোগগুলো প্রধানমন্ত্রীর নেতৃত্ব, পরিশ্রম এবং জনগণের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, এ ধারাবাহিকতা দেশের উন্নয়ন ও নতুন প্রজন্মের জন্য ইতিবাচক ভবিষ্যৎ তৈরিতে সহায়ক হবে।