প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং কোস্ট গার্ডের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সমুদ্র উপকূল ও নদীতীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
তিনি দেশপ্রেম ও পেশাদারিত্ব বজায় রেখে জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখার নির্দেশনা দেন।
এ সময় কোস্ট গার্ডের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও সক্ষমতা বৃদ্ধির অগ্রগতি তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।