বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর জোটের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়খ চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম তার নির্বাচনী হলফনামায় নিজের ও স্ত্রীর সম্পদের বিস্তারিত বিবরণ জমা দিয়েছেন।
হলফনামায় ফয়জুল করিম উল্লেখ করেছেন, তার ব্যাংক হিসাবে জমা রয়েছে মাত্র ১ হাজার ১৭৬ টাকা। তবে অস্থাবর সম্পত্তি হিসেবে তার হাতে নগদ রয়েছে ৩১ লাখ ১২ হাজার ৪৭ টাকা। তিনি পেশা হিসেবে শিক্ষকতা ও দাওয়াত কার্যক্রম উল্লেখ করেছেন।
হলফনামা অনুযায়ী, ফয়জুল করিমের স্ত্রী গৃহিণী ও ব্যবসায়ী। তার স্ত্রীর নামে রয়েছে ১৮৭ ভরি স্বর্ণালংকার, যা উপহার হিসেবে পাওয়া বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি স্ত্রীর কাছে নগদ রয়েছে ৭ লাখ ২০ হাজার টাকা এবং বিভিন্ন খাতে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৬৫ হাজার টাকা। তবে স্ত্রীর ব্যাংক হিসাবে কোনো টাকা নেই বলে হলফনামায় উল্লেখ রয়েছে।
আয়ের উৎস হিসেবে ফয়জুল করিম দেখিয়েছেন—
অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে বার্ষিক আয়: ৩ লাখ ২২ হাজার টাকা
মাহফিল থেকে আয়: ৪ লাখ টাকা
শিক্ষকতা পেশা থেকে আয়: ৭ লাখ ৬ হাজার টাকা
অস্ত্রের বিবরণে তিনি ২২ বোরের একটি রাইফেল থাকার তথ্য দিয়েছেন। উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন ১ হাজার ৬০ শতাংশ কৃষি জমি ও ৩৭ দশমিক ৬০ শতাংশ অকৃষি জমি। এসব অস্থাবর সম্পদের মোট মূল্য দেখানো হয়েছে ৩৩ লাখ ১৩ হাজার ২২৩ টাকা। স্থাবর সম্পদের হিসাবে হলফনামায় উল্লেখ রয়েছে, ফয়জুল করিমের নিজ নামে রয়েছে ২ হাজার ৪৩৬ শতাংশ কৃষি জমি, যার আর্থিক মূল্য ১ কোটি ১ লাখ ৩২ হাজার ৫৬০ টাকা। এছাড়া রয়েছে ২ দশমিক ৪০ শতাংশ অকৃষি জমি, যার মূল্য ৩ লাখ ৭৪ হাজার ১৪৮ টাকা।
পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পদের মধ্যে রয়েছে ৬৬১ বর্গফুট বাণিজ্যিক ভবন (দোকান) ও ২ হাজার ১৩ বর্গফুট অ্যাপার্টমেন্ট (ফ্ল্যাট)। এসব সম্পদের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৫ লাখ ৬ হাজার ৭০৮ টাকা, আর বর্তমান বাজারমূল্য ধরা হয়েছে ৩ কোটি ১৫ লাখ ২০ হাজার ১২৪ টাকা। হলফনামায় আরও দেখা গেছে, ফয়জুল করিমের নামে পূর্বে ৩টি মামলা ছিল। আয়কর নথি অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে ফয়জুল করিম তার বার্ষিক আয় দেখিয়েছেন ১৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৬৪ লাখ ৯ হাজার ৯৩১ টাকা। তিনি আয়কর পরিশোধ করেছেন ৯৬ হাজার ৪৭৫ টাকা।
অন্যদিকে তার স্ত্রী একই অর্থবছরে ৬ লাখ টাকা আয় ও ৩২ লাখ ৬০ হাজার ২০০ টাকা সম্পদ দেখিয়ে ১৫ হাজার টাকা আয়কর জমা দিয়েছেন।