ঢাকা, ৩ অক্টোবর – গাজায় মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী আটক ও ৪৪৩ জন স্বেচ্ছাসেবীর গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশ সরকার গভীর নিন্দা জানিয়েছে।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে এ ঘটনা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন ও যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার করার ন্যাক্কারজনক উদাহরণ হিসেবে বর্ণনা করা হয়েছে। বিবৃতিতে আটক সকল মানবাধিকারকর্মী ও শান্তিকামী স্বেচ্ছাসেবীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে গাজা ও পশ্চিম তীর থেকে বেআইনি দখলদারিত্ব বন্ধ, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং গাজায় চলমান গণহত্যা ও মানবিক অবরোধ সমাপ্ত করার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ জানিয়েছে, মানবিক সহায়তা বহনকারী এই ফ্লোটিলা বিশ্ববাসীর ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক, এবং ইসরায়েলকে অবশ্যই গাজায় সহায়তা পৌঁছাতে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (২ অক্টোবর) তারা আন্তর্জাতিক জলসীমায় আটক হয়ে গেছেন। এসময় ইসরায়েলি নৌবাহিনী জলকামান ও দুর্গন্ধযুক্ত পানি ছিটিয়ে হামলা চালিয়ে জাহাজগুলো জব্দ করেছে। আটক স্বেচ্ছাসেবীদের মধ্যে রয়েছে বিশ্বের ৪৭টি দেশের নাগরিকরা, যারা মানবিক সহায়তা নিয়ে গাজা অভিমুখে যাত্রা করছিলেন। তাদের একটি সামরিক জাহাজে করে অজ্ঞাত বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনি জনগণের ভয়াবহ দুর্দশা ও কষ্টের সময়ে তাদের প্রতি অটল সংহতি প্রকাশ করেছে।