নতুন বছরের শুরুতেই ভক্তদের জন্য সুখবর দিলেন চিত্রনায়িকা অধরা খান। বর্তমানে তিনি অবস্থান করছেন কানাডায় এবং সেখানে থেকেই চলচ্চিত্র ও বিজ্ঞাপনভিত্তিক নানা কাজে নিজেকে যুক্ত রেখেছেন।
অধরা খানের অভিনীত দুটি দেশীয় চলচ্চিত্র এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমা দুটি হলো সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘দখিন দুয়ার’ এবং জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’। এরই মধ্যে এই দুই সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করেছেন তিনি।
দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থানের সুবাদে সেখানকার চলচ্চিত্র ও বিজ্ঞাপন শিল্পের সঙ্গেও যুক্ত হয়েছেন অধরা। ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন। সর্বশেষ বছরের শেষ ভাগে একটি ওয়াটার পিউরিফায়ার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নেন তিনি। পাশাপাশি আরও কয়েকটি বিজ্ঞাপনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, যেগুলোর শুটিং শুরু হবে চলতি জানুয়ারিতেই।
এছাড়াও অধরা খান যুক্ত হয়েছেন ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামের একটি ভিন্নধর্মী প্রোজেক্টে। এই প্রোজেক্টে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে গল্প লেখা থেকে শুরু করে শুটিং ও সম্পাদনাসহ একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্পন্ন করা হয়।
টরেন্টো থেকে অধরা খান জানান, গত বছরের শেষ সময়টা তার বেশ ব্যস্ততার মধ্য দিয়েই কেটেছে। তিনি বলেন, কানাডায় এসে চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজের মধ্যেই নিজেকে সম্পৃক্ত রেখেছেন এবং নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। তার মতে, এ ধরনের প্রোজেক্ট তার অভিনয় জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
দেশে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার পাশাপাশি নতুন তিনটি চলচ্চিত্রে কাজ শুরুর পরিকল্পনাও রয়েছে তার। এর মধ্যে একটি সিনেমার বিষয়টি প্রায় চূড়ান্ত, যার শুটিং ইউরোপে হওয়ার কথা। তবে সহশিল্পী ও অন্যান্য বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করেননি তিনি। শিগগিরই দেশে ফেরার কথাও জানান এই অভিনেত্রী।
দেশের বাইরে দীর্ঘদিন অবস্থানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অধরা খান বলেন, দেশে ফেরা তার জন্য কোনো কঠিন বিষয় নয়। তবে বর্তমানে ইন্ডাস্ট্রিতে কাজের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় নিজেকে আরও প্রস্তুত ও পরিণত শিল্পী হিসেবে গড়ে তুলতেই তিনি বিদেশে সময় দিচ্ছেন। তার ভাষায়, প্রত্যাশার চেয়েও ভালো সুযোগ তিনি সেখানে পেয়েছেন।