দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি সব অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আগের তুলনায় অফিস সময় এক ঘণ্টা কমিয়ে মোট ৭ ঘণ্টা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। তিনি বলেন, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে একই দিন থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্যও পৃথক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।
জ্বালানি সাশ্রয়ের জন্য সরকার আরও কয়েকটি নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখা এবং বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
দেশ এডিশন / ডেস্ক রিপোর্ট