বরিশালের বাবুগঞ্জে টাকা ও নির্বাচনী স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ১ ঘন্টা আগে

নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা ও নির্বাচনী স্লিপসহ দুই ব্যক্তিকে আটক করেছে।

আজ মাধবপাশা এলাকায় বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল দুই মোটরসাইকেল আরোহীকে সন্দেহভাজন হিসেবে থামায়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে নগদ ১,০২,০০০ টাকা এবং নির্বাচন সংক্রান্ত কিছু স্লিপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কর্মী বলে পরিচয় দেন। আটক ব্যক্তিরা হলেন হুমায়ুন গাজী ও এনায়েত কাজী।

ঘটনার পরপরই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্বাচন ঘিরে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানানো হয়েছে।

error: Content is protected !!