বর্ণাঢ্য আয়োজনে তারাগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

তারাগঞ্জ, উপজেলা প্রতিনিধি │ দেশ এডিশন
প্রকাশ: ২ মাস আগে

মহান বিজয় দিবস উপলক্ষে রংপুরের তারাগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। দিবসের শুরুতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি, কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুচকাওয়াজ ও প্যারেডে শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউএনও মো. মোনাব্বর হোসেন বলেন, “মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন। এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মানুষের কথা স্মরণ করি।”

অনুষ্ঠান শেষে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। এছাড়া শিক্ষার্থীরা দেশাত্মবোধক গানের তালে তালে নৃত্য পরিবেশন করে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

error: Content is protected !!