বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসায় বড় ছাড়

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ৩৮ minutes ago

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিয়েছে ভারত। বিশেষ করে মেডিকেল ও ব্যবসায়িক (বিজনেস) ভিসা—এই দুই ক্যাটাগরিতে শিথিলতা আনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন এই সিদ্ধান্ত আগামী সপ্তাহ থেকেই কার্যকর হতে পারে।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এ তথ্য জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উভয় দেশের আন্তরিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। জ্বালানি সরবরাহসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, ইতিবাচক মনোভাব বজায় থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে যাবে। এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করা হয়।

বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও বিচারিক বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে ভারতকে বার্তা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া, একটি আলোচিত হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই ব্যক্তি ভারতে গ্রেপ্তার হয়েছে জানিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য প্রথম বিদেশ সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)ভুক্ত দেশগুলো সফরের তালিকায় থাকতে পারে বলে জানা গেছে।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জোর দিয়ে বলেন, বর্তমান সরকার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ভবিষ্যতেও সেই নীতির বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। দেশের মানুষের সমর্থন থাকায় সরকার আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

error: Content is protected !!