সরকার দেশের সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালিত হবে।
শনিবার (রাত) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এর আগে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে। তবে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এই সময়সূচির বাইরে থাকবে।
এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়ও সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে গ্রাহক সেবা বা ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেওয়া হবে।
আদালতের অফিস সময়সূচি সম্পর্কে সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা দেবে বলেও উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার কর্মঘন্টা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে।