পটুয়াখালীর বাউফল উপজেলায় জাটকা সংরক্ষণ এবং মৎস্য সম্পদ রক্ষার লক্ষ্যে তেঁতুলিয়া নদীতে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা পটুয়াখালী বিজন কুমার নন্দী-এর দিকনির্দেশনায় এবং থানা পুলিশের সহযোগিতায় মৎস্য অধিদপ্তর, বাউফল এ অভিযান সম্পন্ন করে। অভিযানকালে তেঁতুলিয়া নদীর বিভিন্ন অংশে জাটকা নিধনের জন্য ব্যবহৃত নিষিদ্ধ ও ক্ষতিকর কারেন্ট জাল অপসারণ করা হয়। এ সময় প্রায় পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং পরে এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, “জাটকা নিধন অব্যাহত থাকলে ইলিশসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নদীর প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্য সম্পদ রক্ষার জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।”
তিনি আরও বলেন, সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মৎস্য বিভাগ জেলেদের সচেতন করতে নিরলসভাবে কাজ করছে।