বাড়িভাতা বাড়ানোর নতুন প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠাল শিক্ষা মন্ত্রণালয়

দেশ এডিশন ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ মাস আগে

দেশ এডিশন ডিজিটাল রিপোর্ট :

আন্দোলনের মুখে অবশেষে নড়াচড়া শুরু করেছে সরকার। শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাড়িভাতা বৃদ্ধির নতুন প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ভাতা বৃদ্ধির বিষয়ে শিক্ষা উপদেষ্টা একটি আধাসরকারি পত্র অর্থবিভাগে পাঠিয়েছেন। প্রস্তাবে চারটি স্লটে বাড়িভাতা বৃদ্ধির সম্ভাব্য হিসাব উপস্থাপন করা হয়েছে। এতে ১০ শতাংশ, ১৫ শতাংশ, ২০ শতাংশ এবং ২৫ শতাংশ পর্যন্ত বাড়িভাতা বাড়ালে ন্যূনতম কত টাকা বাড়বে এবং বেতনে এর প্রভাব কী হবে—তা বিশদভাবে উল্লেখ করা হয়েছে।

নতুন প্রস্তাবনায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করা, মেডিকেল ভাতা ৫০০ টাকা থেকে ১,০০০ টাকায় বাড়ানো এবং বাড়িভাতা ১,০০০ টাকা থেকে ২,০০০ টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা উৎসবভাতা হিসেবে মূল বেতনের ৫০ শতাংশ, মেডিকেল ভাতা ৫০০ টাকা এবং বাড়িভাতা ১,০০০ টাকা পাচ্ছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এই নতুন প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দীর্ঘদিন ধরে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।

error: Content is protected !!