বাড়ির জমি নিয়ে বিরোধ, প্রাণ গেল এক কৃষকের

হোসাইন কবীর | উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা) | দেশ এডিশন
প্রকাশ: ১ ঘন্টা আগে

নেত্রকোনার মদন উপজেলায় বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মাঘান ইউনিয়নের পদেরকোনা (নয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু মিয়া ওই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মঞ্জু মিয়ার সঙ্গে তার প্রতিবেশী শান্তু মিয়ার বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রবিবার দুপুরে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে মঞ্জু মিয়া লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সালেক মিয়া অভিযোগ করে বলেন, “বাড়ির সীমানা নিয়ে কথা কাটাকাটির সময় প্রতিবেশী আমীর হোসেনসহ কয়েকজন আমার বাবার ওপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।”

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দেবাংশু দে জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

error: Content is protected !!