বাসায় লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপির বিবৃতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, বাসা-বাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট ও ফ্যান ব্যবহার না করার নির্দেশনা সংক্রান্ত যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।
শনিবার রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ধরনের কোনো মন্তব্য করেননি। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নামে মনগড়া বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে “বাসাবাড়িতে সন্ধ্যার পরে অকারণে লাইট ও ফ্যান ব্যবহার করা যাবে না এবং বিষয়টি তদারকি করবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা”—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও গুজব।
বিএনপি নেতৃবৃন্দ দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই করে গ্রহণ করার জন্যও সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থেকে সঠিক তথ্যের ওপর নির্ভর করার বিকল্প নেই।
DESH Edition / Desk News
https://www.deshedition.com/