হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে আটকের প্রতিবাদে ঢাকা–সিলেট মহাসড়কে সাময়িক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
রোববার বাহুবল উপজেলার মীরপুর এলাকায় প্রায় ৩০ মিনিট মহাসড়কে অবস্থান নেন তারা। এতে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরে রোজার মাসে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, বাহুবল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম–এর সঙ্গে তুষারের একটি মোবাইল ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিএনপি নেতাকর্মীদের দাবি, সম্পূর্ণ অডিও প্রকাশ না করে আংশিক অংশ প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তির সৃষ্টি করেছে। এ ঘটনার পর পুলিশ ও ডিবি তাকে আটক করে বলে তারা জানান।
নেতাকর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে তুষারের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে মুক্তি না পেলে পুনরায় কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।