বিএনপির অফিসে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ঢুকে ‘জয় বাংলা’ ও শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার তিন কিশোর হলো— মঠবাড়িয়ার পাঠাকাটা গ্রামের মো. আল আমিনের ছেলে অলি (১৫), মো. নূরুল হকের ছেলে রাকিবুল ইসলাম (১৫) ও মো. খলিলুর রহমানের ছেলে জুবায়ের (১৬)।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, তিন কিশোর বড় হারজি এলাকায় একটি স্থানীয় বিএনপি অফিসে বসে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় পাঠাকাটা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা জানান, “এটা আমাদের মূল অফিস নয়; এখানে স্থানীয়রা বসে আড্ডা দেয়। কিছু লোক ইচ্ছে করে কিশোরদের দিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে।”

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মো. শহীদুল ইসলাম বাদী হয়ে অফিসে অনধিকার প্রবেশ ও ভাঙচুরের অভিযোগে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন কিশোরকে থানায় আনে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং আদালতে পাঠানো হয়েছে।”

সূত্র: দেশ এডিশন নিউজ ডেস্ক, মঠবাড়িয়া (পিরোজপুর)

error: Content is protected !!