বগুড়ায় জনসভাকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের মধ্যে মোবাইল ফোন চুরির একাধিক ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত পর্যন্ত সদর থানায় প্রায় ৫০ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নির্বাচনী জনসভাকে ঘিরে শহরের বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে। সমাবেশস্থল নির্ধারিত খেলার মাঠ দ্রুতই পরিপূর্ণ হয়ে গেলে অনেকে আশপাশের সড়ক ও মোড়ে অবস্থান নেন। বিশাল এই ভিড়ের মাঝেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত চুরির ঘটনা।
ভুক্তভোগীদের অভিযোগ, জনসমুদ্রের ভেতরে অচেনা লোকজনের ধাক্কাধাক্কির মধ্যে তারা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় পকেট বা ব্যাগে হাত দিয়ে মোবাইল ফোন না পেয়ে বিষয়টি টের পান। ব্যক্তিগত যোগাযোগের প্রধান মাধ্যম হারিয়ে অনেকেই দিশেহারা হয়ে পড়েন।
ঘটনার মধ্যে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর মোবাইল ফোন হারানোর ঘটনাও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সদর থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে জিডি নেওয়া হচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জনসমাগমস্থলে চোরচক্র সক্রিয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ প্রশাসন জনসমাগমে অংশ নেওয়া নাগরিকদের ব্যক্তিগত জিনিসপত্রের নিরাপত্তায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।