বিএনপির সঙ্গে কোনো ধরনের জোটে না গিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ অভিযোগ করেছেন, বিএনপি এলডিপিকে অবমূল্যায়ন করেছে এবং তাদের প্রস্তাবকে গুরুত্ব দেয়নি।
বুধবার রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. অলি আহমেদ বলেন, “আমরা বিএনপিকে ১৪ জনের একটি শর্ট লিস্ট দিয়েছিলাম। কিন্তু তারা সেটিকে কোনো গুরুত্ব দেয়নি। আমাদের নেতাকর্মীরা দুই ঘণ্টা বসে থাকার পরও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সঙ্গে দেখা করেননি।”
তিনি আরও বলেন, “এলডিপিকে টিকিয়ে রাখার স্বার্থে হলেও তারা অন্তত আমাদের শর্ট লিস্টটি বিবেচনায় নিতে পারত। আমরা কখনোই বলিনি যে শর্ট লিস্টের সবাইকে আসন দিতে হবে। কিন্তু সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে।”
এলডিপি চেয়ারম্যান জানান, এসব কারণে দলটি বিএনপির সঙ্গে জোট না করে এককভাবে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। “এই সিদ্ধান্ত আমাদের দলের সর্বসম্মত মতের ভিত্তিতে নেওয়া হয়েছে,” বলেন তিনি।
সংবাদ সম্মেলনে এলডিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।