বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পরপরই বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল টিম তার চিকিৎসা শুরু করে। বর্তমানে সিসিইউতে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট নিচ্ছেন। এদিকে হাসপাতালে তার পাশে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
চিকিৎসক সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার নানা জটিলতা রয়েছে এবং তার চিকিৎসায় বিশেষজ্ঞদের সমন্বিত টিম কাজ করছে। বিএনপি নেতৃবৃন্দসহ দেশজুড়ে সমর্থকরা বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন।