রাজধানীতে এক আলোচনাসভায় বিএনপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বিএনপি জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা ও ‘গাদ্দারি’ করে তাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছে।
রোববার রাজধানীর কাকরাইল এলাকায় জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে আয়োজিত এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি। সভায় অভ্যুত্থানে নিহত শহীদদের পরিবার ও আন্দোলনের যোদ্ধারা উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে।” তিনি আরও অভিযোগ করেন, জুলাই শহীদদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভাজন তৈরি করা হয়েছে, যদিও শহীদরা কোনো দলের সম্পত্তি নয়।
তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের ব্যবহার করে সংসদে প্রভাব বিস্তার ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে।
এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে তারা রাজপথে নামতে প্রস্তুত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণআন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে।”
সভায় উপস্থিত নেতারা রাজনৈতিক সংস্কার, গণতান্ত্রিক অধিকার ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।