বিটিসিএলের এমভিএনও সেবা পরীক্ষামূলক চালু স্থগিত

দেশ এডিশন অনলাইন:
প্রকাশ: ২ ঘন্টা আগে

নিজস্ব মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সেবা পরীক্ষামূলকভাবে চালুর কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। বিষয়টি প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জানানো হয়।

পোস্টে বলা হয়, অনিবার্য কারণে এমভিএনও সেবা পরীক্ষামূলক চালুর কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। এমভিএনও সিম বাজারজাতকরণ ও সেবা চালুর নতুন সময়সূচি সম্পর্কে পরবর্তীতে গ্রাহকদের জানানো হবে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি থেকে বিটিসিএলের এমভিএনও সিম এবং ভয়েস, ডেটা ও কনটেন্ট সমন্বিত ট্রিপল-প্লে প্যাকেজ বাজারে আনার ঘোষণা দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে রাজধানীর রমনা, গুলিস্তান ও গুলশান এলাকার নির্দিষ্ট বিক্রয়কেন্দ্রে সেবা চালুর পরিকল্পনা ছিল। তবে আপাতত সেই পরিকল্পনা স্থগিত রয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর রমনায় বিটিসিএল কার্যালয়ে পরীক্ষামূলকভাবে এমভিএনও মডেলে আনলিমিটেড কোয়াড-প্লে সেবার উদ্বোধন করা হয়। এ মডেলে নিজস্ব অবকাঠামো ছাড়াই অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল সেবা প্রদান করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে টেলিটক বাংলাদেশ লিমিটেড–এর নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের সেবা দেওয়ার পরিকল্পনা ছিল বিটিসিএলের।

উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর সরকার বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক পরিচালনার অনুমোদন দেয়।

দেশ এডিশন পর্যবেক্ষণ করছে, কবে নাগাদ এ সেবা পুনরায় চালুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে।

error: Content is protected !!