টাঙ্গাইল সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৪৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ ক্রীড়া আয়োজন সম্পন্ন হয়।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। পরে অতিথিরা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অতিথিদের কাছ থেকে অলিম্পিক মশাল গ্রহণ করে মাঠ প্রদক্ষিণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দুপুরে পুরস্কার বিতরণ পর্বের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, পিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন।
শ্রেণিভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। আমন্ত্রিত অভিভাবকদের অংশগ্রহণে মহিলাদের জন্য ভাগ্য নির্ধারণ এবং পুরুষদের জন্য দৌড় প্রতিযোগিতা আয়োজনটি ছিল দর্শকদের জন্য বিশেষ উপভোগ্য।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রভাতী ও দিবা শাখার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, এ বছর ৮টি হাউজের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে সিনিয়র শিক্ষক মুহাম্মদ শাহীন আল মামুনের তত্ত্বাবধানে থাকা অগ্রদূত হাউজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।