বিপ্লবী মঞ্চের আয়োজনে ‘২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে’ অনুষ্ঠিত কাওয়ালী সন্ধ্যায় চকলেট বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাদ মাগরিব মানিকগঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানের স্টেজের পেছনের রাস্তা দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে এসে দুর্বৃত্তরা বোমা ছুড়ে পালিয়ে যায়।
চোখের সামনে ঘটে যাওয়া এ ঘটনায় উপস্থিত দর্শক ও আয়োজকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে দুইজন যুবক ছিল। তারা হঠাৎ বোমা বিস্ফোরণের পর ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে দ্রুতগতিতে পালিয়ে যায়।
বিপ্লবী মঞ্চের নেতারা অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানকে নাশকতার মাধ্যমে ভীতি তৈরির চেষ্টা করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বোমার অবশিষ্টাংশ সংগ্রহ করে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে কেউ হতাহত না হলেও এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। শান্তিপূর্ণ কাওয়ালী সন্ধ্যায় এই আকস্মিক হামলার ঘটনায় মানিকগঞ্জের সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন।