বিয়ানীবাজারে ‘আলোর মানুষ আতাউর রহমান’ স্মারকগ্রন্থ প্রকাশ ও সম্মাননা অনুষ্ঠান

দেশ এডিশন সিলেট ডেস্ক :
প্রকাশ: ২ মাস আগে

সিলেটের বিয়ানীবাজারে দাসউরা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষাবিদ, লেখক ও কলামিস্ট মোঃ আতাউর রহমানকে ঘিরে এক বর্ণাঢ্য স্মারকগ্রন্থ প্রকাশ ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গ্রন্থ প্রকাশনা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর জীবন, কর্ম ও শিক্ষাবিষয়ক অবদানকে তুলে ধরে দুটি গ্রন্থ— “আলোর মানুষ আতাউর রহমান” এবং “শিক্ষকের আলো ছায়া”—এর মোড়ক উন্মোচন করা হয়।

গত শনিবার সন্ধ্যায় বিয়ানীবাজারের রয়েল স্পাইসি রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ ফয়জুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ এবং প্রধান আলোচক ছিলেন সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির খান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিয়ানীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক ও অতিথিবৃন্দ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন স্মারকগ্রন্থের সম্পাদক ও দাসউরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম। পরে দাতা সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।

প্রধান অতিথি প্রফেসর সাব্বীর আহমদ বলেন,
“আতাউর রহমান স্যার তাঁর আচরণ, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিকতার মাধ্যমে শিক্ষাঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর দীর্ঘ চার দশকের কর্মজীবন শিক্ষা–সংস্কৃতি ও মানবিকতার সমন্বয়ে অনন্য।”

প্রধান আলোচক মো. কবির খান বলেন,
“তিনি কেবল শ্রেণিকক্ষের শিক্ষক ছিলেন না; ছিলেন শিক্ষার্থীদের চরিত্রগঠনের এক আলোকবর্তিকা। তাঁর সততা ও নিষ্ঠা নতুন প্রজন্মের জন্য অনুসরণীয়।”

সম্মাননা গ্রহণ শেষে আতাউর রহমান বলেন,
“শিক্ষকতা আমার জীবনের নৈতিক দায়বদ্ধতা। এই সম্মাননা আমার প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ, যা আমাকে আরও দায়িত্বশীল করবে।”

পরবর্তীতে প্রধান অতিথি, প্রধান আলোচক ও লেখক মঞ্চে এসে প্রকাশিত গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন। বিয়ানীবাজার প্রেসক্লাবের পক্ষ থেকে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামের নেতৃত্বে সম্মাননা সনদ প্রদান করা হয়। পাশাপাশি আয়োজক কমিটির পক্ষ থেকে লেখককে উত্তরীয় ও স্মারক সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়, বাগবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়, কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা জানান।

আয়োজক কমিটির সভাপতি রোটারিয়ান ফয়জুল ইসলামের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

error: Content is protected !!