বিয়ানীবাজারে ভাঙাচোরা সড়কে জনদুর্ভোগ, সংস্কারে প্রয়োজন শত কোটি টাকা

আতাউর রহমান, বিয়ানীবাজার (সিলেট)
প্রকাশ: ৫ মাস আগে

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা চরম নাজুক অবস্থায় পড়েছে। পুরো উপজেলায় প্রায় ২৫০ কিলোমিটার রাস্তা ভাঙাচোরা, খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যাত্রী ও পরিবহন শ্রমিকদের নিত্যদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করায় দুর্ঘটনার শঙ্কা যেমন বাড়ছে, তেমনি যাত্রার সময়ও লাগছে দ্বিগুণ।

সংশ্লিষ্টদের দাবি, নিম্নমানের নির্মাণ, রক্ষণাবেক্ষণের অভাব এবং নিয়ম না মেনে ভারী যানবাহন চলাচলের কারণে সড়কগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের হিসাব অনুযায়ী চারখাই-বারইগ্রাম ও শেওলা-সূতারকান্দি মহাসড়কের অন্তত ১০ কিলোমিটার অংশ জরুরি সংস্কার দরকার। অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হিসাবে উপজেলার ৬২৭ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ২০২ কিলোমিটার রাস্তাই এখন অবিলম্বে সংস্কারের অপেক্ষায়।

পৌর এলাকায়ও একই চিত্র। বিয়ানীবাজার পৌরসভার মোট ৬০ কিলোমিটার সড়কের অধিকাংশই জরুরি সংস্কারের প্রয়োজন। এ ছাড়া পৌর এলাকার ৩৯ কিলোমিটার রাস্তা এখনো কাঁচা অবস্থায় আছে। অর্থ সংকটের কারণে পৌরসভার উন্নয়ন কার্যক্রম মন্থর গতিতে চলছে। আয় বাড়াতে প্রশাসন তৎপর হলেও বরাদ্দ কম থাকায় অনেক প্রকল্পই অর্ধসমাপ্ত বা অপেক্ষমাণ।

অবনতিশীল সড়ক যোগাযোগ ব্যবস্থায় অর্থনীতি, বাণিজ্য ও জনজীবন স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা বলছেন, উন্নত ও টেকসই সড়ক ছাড়া কোনো উন্নয়ন কাঙ্ক্ষিত সুফল বয়ে আনবে না। উপজেলা প্রশাসন জানিয়েছে, ধীরে ধীরে সংস্কার কাজ শুরু হচ্ছে। তবে দীর্ঘমেয়াদি টেকসই সমাধানের জন্য প্রয়োজন যথেষ্ট বরাদ্দ ও দ্রুত বাস্তবায়ন।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!