বিশ বছর পর চট্টগ্রামে তারেক রহমান, পলোগ্রাউন্ডে জনসভা রোববার

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

দীর্ঘ বিশ বছর পর আজ শনিবার রাতে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার তিনি চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এ উপলক্ষে ইতোমধ্যে পলোগ্রাউন্ড এলাকায় মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। শহরজুড়ে তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে স্বাগত বার্তা।

দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি চারদলীয় জোট সরকারের আমলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে চট্টগ্রাম বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, “তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নগরবাসী উচ্ছ্বাসের সঙ্গে নেতাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত।”

অন্যদিকে, মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ বলেন, “অতীতে শত বাধা সত্ত্বেও বিএনপির সভা-সমাবেশে লাখো মানুষের উপস্থিতি ছিল। এবারও তারেক রহমানকে ঘিরে শুধু পলোগ্রাউন্ড নয়, নগরীর রাজপথও জনস্রোতে মুখরিত হবে বলে আমরা আশাবাদী।”

নেতারা জানান, এই সফরকে ঘিরে দলের কার্যালয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পতাকা-ব্যানার, মাইকিং এবং আলোকসজ্জার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। সব মিলিয়ে তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে কেন্দ্র করে নগরীতে এক উৎসবমুখর রাজনৈতিক আবহ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

error: Content is protected !!