যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ সাকিব হাসান (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
রোববার (১১ জানুয়ারি) ভোরে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাকিব ওই এলাকার আসলাম হোসেনের ছেলে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, র্যাব-৬ সদস্যরা সাকিব হাসানের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। পরে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে যশোর আদালতে পাঠানো হবে।