বৈ- সা- বি উৎসবে রঙিন খাগড়াছড়ি, ঐতিহ্যের ছোঁয়ায় বর্ণাঢ্য আয়োজন

প্রকাশ: ২ ঘন্টা আগে

পার্বত্য জেলা খাগড়াছড়িতে বৈসু, সাংগ্রাই, বিজু, বিহু, সাংক্রান ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ শোভাযাত্রায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহর হয়ে ওঠে রঙিন ও প্রাণবন্ত।

শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, সাংবাদিক এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন। এতে পাহাড়ি জনপদের বৈচিত্র্যময় সংস্কৃতি ও সম্প্রীতির চিত্র ফুটে ওঠে।

শোভাযাত্রা শেষে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে অংশগ্রহণকারী বিভিন্ন সম্প্রদায় তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার উপর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ডিসপ্লে উপস্থাপন করে।

উৎসবটি পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে বলে আয়োজকরা জানান।

error: Content is protected !!