সিলেটে সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমন আটক

দেশ এডিশন (সিলেট) ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

দেশ এডিশন (সিলেট) ডেস্ক :

সিলেট জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাতে নগরের আখালিয়া কালিবাড়ি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিপিবি সিলেটের সাবেক সভাপতি ও প্রবীণ বাম নেতা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য। তিনি জানান, রাত ১২টার দিকে পুলিশ বাসায় গিয়ে সুমনকে আটক করে নিয়ে যায়।

এ ঘটনায় জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মবশ্বির আলী জানান, গণমাধ্যমের দায়িত্বে থাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে। তবে মধ্যরাতে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আনোয়ার হোসেন সুমন সম্প্রতি ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ব্যাটারি রিকশার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে গত মঙ্গলবার সিলেট নগরে ব্যাপক বিক্ষোভ হয়, যেখানে সুমনও উপস্থিত ছিলেন। পরে তিনি শ্রমিক নেতাদের সঙ্গে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে অংশ নেন। আলোচনায় দাবি আদায়ে রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করা হয়, এবং দাবি পূরণ না হলে অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর আগের রাতেই সুমনকে আটক করা হয়।

এদিকে শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী অভিযোগ করেন, ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে “তৃতীয় পক্ষ” ইন্ধন দিচ্ছে। তিনি জানান, সংঘাতের আশঙ্কায় রোববারের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষ দিকে সিলেট মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। এতে বহু রিকশা জব্দ ও চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকেই নগরে ব্যাটারি রিকশা চলাচল বন্ধ রয়েছে।

error: Content is protected !!