মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ করে বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের এই মূল্যবৃদ্ধি ২০২০ সালে কোভিড-১৯ মহামারি শুরুর পর এক দিনে সর্বোচ্চ বৃদ্ধি হিসেবে উল্লেখ করা হচ্ছে। এর আগে গত সপ্তাহেই তেলের দাম প্রায় ২৮ শতাংশ পর্যন্ত বেড়েছিল।
বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে তেলের দামে হঠাৎ এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগানের প্রধান অর্থনীতিবিদ ব্রুস কাসম্যান বলেন, বিশ্ব অর্থনীতি মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি দিয়ে প্রবাহিত তেল ও প্রাকৃতিক গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে খুব শিগগিরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারের কাছাকাছি পৌঁছে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বাজারেও এর প্রভাব পড়তে পারে।
সূত্র: আল জাজিরা