ব্রাহ্মণবাড়িয়ায় আবারও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত নারায়ণপুর ডি.এস কামিল মাদ্রাসা

দেশ এডিশন | ফোরকান হাসান মৃধা, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুনরায় গৌরবজনক স্বীকৃতি অর্জন করেছে নারায়ণপুর ডি.এস কামিল মাদ্রাসা।

১৯৫৬ সালের ২৩ মার্চ প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার সমন্বয়ে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে বলে জানা গেছে।

মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম–এর নেতৃত্বে শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

নবীনগরে শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হেলাল

এছাড়া একই প্রতিষ্ঠানের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক এ.কে.এম হাবিবুর রহমান (হেলাল) কলেজ ও মাদ্রাসা পর্যায়ে নবীনগর উপজেলায় শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে বিশেষ সম্মাননা পেয়েছেন। তার এই অর্জন প্রতিষ্ঠানটির জন্য গর্বের বিষয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ উপলক্ষে অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম বলেন,
“শিক্ষা জাতির মেরুদণ্ড, আর ইসলামী শিক্ষা জাতির হৃদপিণ্ড।”
তিনি আরও বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহে এ ধরনের স্বীকৃতি প্রতিষ্ঠানের মর্যাদা ও ভাবমূর্তি আরও সুদৃঢ় করবে।

error: Content is protected !!