ভারতে হাসিনার অবস্থান ঢাকা-দিল্লি সম্পর্কে বাধা হবে না: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক কোনো একক ইস্যুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করলেও তা ঢাকা–দিল্লির বৃহত্তর সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে অন্তরায় হবে না।

সম্প্রতি ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু–কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ঢাকার গুলশানে দলের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সাক্ষাৎকারে তিনি জানান, বাংলাদেশ তার জাতীয় স্বার্থসংশ্লিষ্ট প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ভারতের সঙ্গে উন্নয়নভিত্তিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে আগ্রহী।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এবং তাকে বিচারের আওতায় আনার বিষয়ে জনগণের প্রত্যাশা রয়েছে। এ ক্ষেত্রে ভারতের উচিত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা। তবে সেটি না হলেও বাণিজ্য, ব্যবসা ও কৌশলগত সহযোগিতাসহ সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না বলে মন্তব্য করেন তিনি।

ভারত–বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে কিছু জটিল ও সমাধানযোগ্য বিষয় রয়েছে। এর মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন, ফারাক্কার পানির ন্যায্য হিস্যা এবং সীমান্তে হত্যাকাণ্ডের মতো ইস্যু সামনে আসবে। এসব বিষয়ে আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজতে হবে। যুদ্ধ বা উগ্র বক্তব্য কোনো সমাধান নয় বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, প্রতিশোধ ও সহিংসতা একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। ২০২৪ সালের আগস্টের সহিংস অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্য ও পুনর্মিলন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, অভ্যুত্থানের নেতাদের নির্ধারিত সীমার বাইরে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান কার্যকর ভূমিকা রাখতে পারেননি।

সবশেষে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ–ভারতের সম্পর্ককে কোনো একক ইস্যুতে আবদ্ধ না রেখে পারস্পরিক স্বার্থ, সহযোগিতা ও বাস্তবতার ভিত্তিতে এগিয়ে নিতে হবে।

error: Content is protected !!