ভোটার প্রভাবিত করতে নগদ অর্থ দেওয়ার অভিযোগ: Transparency International Bangladesh

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
প্রকাশ: ৪ দিন আগে

দেশের প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ বিতরণের অভিযোগ তুলেছে Transparency International Bangladesh (টিআইবি)।

রোববার (সকাল ১১টা) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও সম্ভাব্য গণভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করা হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা জরুরি। মূল্যবোধ ও নীতিনির্ভর রাজনীতির জন্য গণভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

তিনি অভিযোগ করেন, স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ টাইমস নামের একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মীদের তুলে নেওয়ার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় আঘাত। সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার আশ্বাস থাকলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

টিআইবি জানায়, তিন দফায় ভোটার তালিকা হালনাগাদ হলেও কিছু আসনে অস্বাভাবিক ভোটার স্থানান্তর ও নতুন ভোটার সংযোজন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্বেগ ও অভিযোগ তৈরি হয়েছে।

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ, সংঘর্ষ এবং থানায় হামলার ঘটনা ঘটেছে বলেও সংস্থাটি উল্লেখ করে। এ বিষয়ে অসন্তোষ জানিয়ে নির্বাচন কমিশনে ১,১৮৫টি দাবি-আপত্তি জমা পড়েছে; কিছু ক্ষেত্রে জনমত উপেক্ষার অভিযোগ রয়েছে।

এ ছাড়া নতুন নিবন্ধন পাওয়া কয়েকটি রাজনৈতিক দলের তথ্য যাচাই, নিবন্ধনের শর্তপূরণ এবং যোগ্যতা নিয়ে বিতর্ক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। প্রতীক বরাদ্দ প্রক্রিয়ায় কমিশনের নিরপেক্ষতা নিয়েও কিছু দলের অসন্তোষ রয়েছে বলে টিআইবি জানায়।

সংবাদ সম্মেলনে টিআইবির উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পরিচালক (গবেষণা) মুহাম্মদ বদিউজ্জামান এবং পরিচালক (গবেষণা) মাহফুজুল হক উপস্থিত ছিলেন।

error: Content is protected !!