ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন নির্বাচনি এলাকায় সাধারণ মানুষের অবাধ যাতায়াতে সময়সীমাভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত—মোট প্রায় ৮২ ঘণ্টা—কোনো ব্যক্তি তার নিজ নির্বাচনি এলাকার বাইরে অবস্থান করতে পারবেন না, যদি না তিনি নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োজিত হন বা কমিশনের বিশেষ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি হন।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্দেশনাটি ইতোমধ্যে দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, শুধুমাত্র সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটাররা নিজ এলাকায় অবস্থান করতে পারবেন
নির্বাচন কমিশনের অনুমোদিত কর্মকর্তা, পর্যবেক্ষক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন
অন্যথায় বাইরে থেকে এসে কোনো এলাকায় অবস্থান করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে
ইসি মনে করছে, বহিরাগতদের উপস্থিতি নিয়ন্ত্রণ করা গেলে ভোটকেন্দ্র দখল, প্রভাব বিস্তার, জোরপূর্বক ভোটদান বা সহিংসতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ও নিরপেক্ষতা নিশ্চিতের অংশ হিসেবে দেখা হচ্ছে। মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।