মগবাজারে বিস্ফোরণ: ‘পরিকল্পিত ককটেল সন্ত্রাস’

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ২ মাস আগে

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, এই ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত ও ধারাবাহিক ককটেল সন্ত্রাসের অংশ।

বুধবার (তারিখ উল্লেখযোগ্য) রাত সাড়ে ৭টার দিকে মগবাজার ফ্লাইওভার এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৭টা ১০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা মগবাজার ফ্লাইওভার থেকে একটি বিস্ফোরক নিক্ষেপ করে। এতে সিয়াম মজুমদার ঘটনাস্থলেই নিহত হন। নিহত সিয়াম স্থানীয় একটি মোটরকার ডেকোরেশন দোকানে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, ঘটনার সময় সিয়াম মগবাজার নিউ ইস্কাটন রোডে অবস্থিত কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সামনে রাস্তার ওপর অবস্থান করছিলেন। ওপর থেকে ছোড়া বিস্ফোরকটি সরাসরি তার শরীরে আঘাত হানে।

ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রাজধানীতে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। একই সঙ্গে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ ঘটনায় কারও কাছে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

error: Content is protected !!