মধ্যরাতে কালিয়াকৈরে দোকানে আগুন, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা

আনিসুর রহমান | বিশেষ প্রতিনিধি | দেশ এডিশন:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার মৌচাক ইউনিয়নের কারল সুরিচালা দক্ষিণপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণপাড়া এলাকার জান্নাতুল স্টোর নামের একটি মুদির দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে। আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে এবং দোকানের ভেতরে থাকা বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক জিয়াউর রহমান জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি দোকানে আগুন জ্বলতে দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এই অগ্নিকাণ্ডে তার দোকানের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তার জন্য বড় ধরনের আর্থিক ক্ষতি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। বাংলাদেশে বৈদ্যুতিক ত্রুটি থেকে এমন অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

error: Content is protected !!