আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সবচেয়ে বেশি বাদ পড়ছেন স্বতন্ত্র প্রার্থীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের সমর্থনসূচক স্বাক্ষরে ত্রুটি থাকায় অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হচ্ছে।
এ ছাড়া ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতা, মামলার তথ্য হলফনামায় সঠিকভাবে উল্লেখ না করা এবং প্রয়োজনীয় কাগজপত্রে অসঙ্গতির কারণেও অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র যাচাই প্রক্রিয়া সাময়িকভাবে পেন্ডিং রেখে হলফনামার ত্রুটি সংশোধনের জন্য সময় দিচ্ছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসাররা আগামী রবিবারের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ করবেন। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনে মোট ২ হাজার ৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।