ত্রীয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্তকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা—এই পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বৈঠকে কোনো নেতাকর্মী বা অনুসারী সঙ্গে আনা যাবে না। শুধুমাত্র মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিকেই উপস্থিত থাকতে বলা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া এবার হবে আরও বস্তুনিষ্ঠ ও যাচাই-পরীক্ষার মাধ্যমে। মাঠ পর্যায়ে সক্রিয়, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে।