স্বাস্থ্যসেবা পেতে আর মানুষকে ডাক্তারের পেছনে ছুটতে হবে না—বরং চিকিৎসাই পৌঁছে যাবে মানুষের দোরগোড়ায়। এমন জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থার অঙ্গীকার করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুরে নিজ বাসভবনে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব সেবায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “মানুষের চিকিৎসা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে।” ভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভোট দিয়েছেন কি দেননি—সব নাগরিকের প্রতিই সরকারের দায় সমান। বিভেদ ও প্রতিহিংসা ভুলে দেশের উন্নয়ন ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নরসিংদীর স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২৫০ শয্যার হাসপাতালসহ যেসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি, সেগুলো দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। নরসিংদীতে দুটি আইসিইউ ইউনিট স্থাপনের কথাও জানান তিনি।
এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে নিজ এলাকায় পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন প্রশাসনের কর্মকর্তা ও নেতাকর্মীরা।