পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) ময়মনসিংহের বিভিন্ন বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।
জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। অভিযানে আরও অংশ নেন জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মিজানুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিরা।
অভিযানকালে বিভিন্ন কাঁচাবাজার, মুদি দোকান ও নিত্যপণ্যের আড়ত পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে পণ্য বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
জেলা প্রশাসক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি সহ্য করা হবে না। কেউ এ ধরনের অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মনিটরিং টিম বাজারে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, খেজুর, ছোলা, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করেন এবং ক্রেতাদের সঙ্গেও কথা বলেন। ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত বাজার তদারকির দাবি জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে। একই সঙ্গে অসাধু ব্যবসায়ী, মজুতদার ও অতিরিক্ত মুনাফালোভীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। পবিত্র রমজানের পবিত্রতা ও সংযমের শিক্ষা ধারণ করে নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।