নোয়াখালীর মাইজদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মাইজদী বাজারের কেরানি মসজিদ সংলগ্ন প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার অভি দেব নাথ (২৪) (পিতা: উমেশ কুমার ভৌমিক) এবং একই এলাকার হৃদয় চন্দ্র শীল (২২) (পিতা: কানু চন্দ্র শীল)।
স্থানীয় সূত্র জানায়, রাত ১টার দিকে দুই বন্ধু মোটরসাইকেলে করে চৌরাস্তা থেকে বিনোদপুরের দিকে যাওয়ার সময় কেরানিবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে অভি দেব নাথ ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে গুরুতর আহত অবস্থায় হৃদয় চন্দ্র শীলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নোয়াখালী সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।